১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ‘র‍্যাব পরিচয়ে’ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, আটক ৫

আটকরা নিজেদের র‍্যাব-১ এর সদস্য পরিচয়ে দেন বলে জানায় পুলিশ।

মানিকগঞ্জে ‘র‍্যাব পরিচয়ে’ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, আটক ৫
মানিকগঞ্জের সিংগাইরে ‘র‍্যাব পরিচয়ে’ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার ঘটনায় জব্দ করা মাইক্রোবাস।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 01:06 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘র‍্যাব পরিচয়ে’ এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের সময় পাঁচজনকে আটক করা হয়েছে; যাদের গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

তবে ঘটনার সময় মোটরসাইকেলে থাকা আরেকজন স্বর্ণ নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার জামশা ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিংগাইর থানা ওসি জিয়ারুল ইসলাম।

আটকরা হলেন- ফরিদপুরের রাধানগর এলাকার শামিম, একই এলাকার মিরাজুল শেখ (২৮), মেঘমাচি এলাকার সম্রাট (২৮), পাবনার আটঘড়িয়া থানার পাটেশ্বর গ্রামের আমিজ উদ্দিন (৫০) এবং সাভার আশুলিয়ার খেজুরটেক গ্রামের মাইক্রোবাস চালক জানিব (৬২)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার বৈদ্যনাথ হালদারের ছেলে স্বর্ণ ব্যবসায়ী সুমন একজনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে স্বর্ণালংকার বিক্রি করতে সিংগাইরের চারিগ্রাম বাজারের উদ্দেশে রওনা দেন।

পথে র‍্যাবের লোগযুক্ত একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাসের যাত্রীরা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে অটোরিকশার চালকসহ তিনজনকে তাদের গাড়িতে তুলে হাত-পা বেঁধে ফেলেন। পথে আমতলা এলাকায় গাড়িটি যানজটে পড়লে স্থানীয়রা ভেতরে কয়েকজনকে চোখ বাঁধা অবস্থায় দেখতে পায়।

এ সময় ব্যবসায়ী সুমন ভেতর থেকে চিৎকার করলে আশপাশের লোকজন গাড়িটি ঘিরে ফেলে। পরে ওই তিনজনকে উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার বলেন, “স্বর্ণ নিয়ে ব্যবসায়িক কাজে জামশার দিকে যাওয়ার পথে ডাকাতরা নিজেদের র‍্যাব-১ এর সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক গাড়িতে তোলে। গাড়িতে তুলেই তারা আমাদের মারধর এবং কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়।”

ওসি জিয়ারুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন পলাতক আছেন। তাকেও আটকের চেষ্টা চলছে। আটকদের বহন করা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।