১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাকা লেনদেনের ভিডিও প্রকাশ্যে, গাইবান্ধায় এসআই প্রত্যাহার

মানিক রানা কার কাছ থেকে টাকা নিচ্ছিলেন বা ঘটনাটি আসলে কী ঘটেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

টাকা লেনদেনের ভিডিও প্রকাশ্যে, গাইবান্ধায় এসআই প্রত্যাহার

এসআই মানিক রানা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 09:50 PM

Updated : 25 Jun 2023, 09:50 PM

থানার ভেতর পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর গাইবান্ধা সদর থানার এক এসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রোববার গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, সদর থানা থেকে এসআই মানিক রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “মানিক রানা কার কাছ থেকে টাকা নিচ্ছিলেন বা ঘটনাটি আসলে কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”

গত ১৮ জুন জেমস রবার্ট নামে একটি ফেইসবুক আইডি থেকে সংশ্লিষ্ট ভিডিওটি প্রকাশ্যে আসে। তবে ভিডিওটি কবেকার সেটি জানা যায়নি।  

এ বিষয়ে এসআই মানিক রানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, এসআই মানিক রানা দ্রুত হেঁটে গাইবান্ধা সদর থানার এসআইদের জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করেন। পরে নিজের আসনে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেন। পরে আরও টাকা দাবি করেন। এরপর এদিক-ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় নেওয়া টাকা নিয়ে তার বুক পকেটে রাখেন। পরে যে ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তাকে হাতের ইশারায় সেখানে থাকতে বলে নিজে চেয়ার থেকে উঠে যান।