Published : 07 May 2026, 01:03 PM
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় অটোভ্যান আরোহী এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
নিহত মোহাম্মদ আলী (৩৫) সিংড়ার হাতিয়ান্দহের কুশাবাড়ি এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- সিংড়ার কুশাবাড়ি এলাকার সিরাজ আলী, শেরকুল রানীনগর এলাকার আফসার আলী এবং নাটোর সদরের গোয়ালদিঘী এলাকার আজহার আলী।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ছাগলের হাটের দিকে উল্টো পথে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়।
এ সময় অটোভ্যানটি ট্রাকের সামনের দিকে ঢুকে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, “অটোভ্যানটি যাত্রী নিয়ে ছাগলের হাটের দিকে উল্টো পথে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।
“আহদের মধ্যে আজহার আলীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের পাঠানো হয়েছে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।”
তিনি বলেন, “ট্রাকটি আমরা জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।