২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, নাতি কারাগারে

কারাগারে যাওয়া যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।

বগুড়ায় লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, নাতি কারাগারে
কারাগারে যাওয়া সুলতান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 05:35 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

বগুড়ার ধুনট উপজেলায় লাঠির আঘাতে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের এক নাতিকে গ্রেপ্তারের করেছে পুলিশ।

ঘটনার পরদিন শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত সঞ্জব আলী শেখ (৬৫) ওই গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। কারাগারে যাওয়া সুলতান মাহমুদ (৩৫) ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তবে পরিবারের দাবি সুলতান মানসিক ভারসাম্যহীন।

এ ঘটনায় সঞ্জব আলীর ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

মামলা থেকে জানা গেছে, সুলতান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন (পাগল) অবস্থায় আছেন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেনি পরিবার। মাঝেমধ্যে পাগলামির মাত্রা বেড়ে গেলে তাকে শিকলবন্দি করে রাখা হত। আবার অনেক সময় স্বাভাবিক আচরণ করেন সুলতান।

বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ সুলতানের পাগলামি বেড়ে যায়। এ সময় সঞ্জব আলী বাড়ি থেকে কৃষি কাজের উদ্দেশে ফসলি মাঠের দিকে যাচ্ছিলেন। পথে বাড়ির পাশে রাস্তায় সুলতান লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করেন।

স্বজনরা সঞ্জব আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান বলে জানান ওসি আতিকুল ইসলাম।

তিনি বলেন, আসামি সুলতানকে কারাগারে পাঠানো হয়েছে। তবে পরিবারের দাবি সুলতান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।