২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হলের ছাদে ধস, আহত ১০ শ্রমিক

ঘটনাটি তদন্তে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হলের ছাদে ধস, আহত ১০ শ্রমিক
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিদ্রোহী হলের বেলকনির ছাদ ঢালাইয়ের সময় এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মিজানুর রহমান।

ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমানকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আহত শ্রমিকদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে নির্মাণ শ্রমিকদের কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। তাৎক্ষণিক অন্য শ্রমিক আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন।

সরজমিনে দেখা যায়, নির্মাণ কাজে নিম্নমানের রড এবং রড বাঁধার জন্য সাধারণ মানের পাটের দড়ি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের নিরাপত্তা কিংবা সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা ছিল না।

ভবন নির্মাণে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “আমি প্রায় ১০ বছর ধরে এ ধরনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত। কিন্তু কখনও বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে দেখিনি। কাজটি অত্যন্ত নিম্নমানের। ইঞ্জিনিয়ার কীভাবে বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে বলেছেন, আমার জানা নেই।”

ভবনটির দায়িত্বরত প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার বলেন, “সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ছাত্র হলের ছাদ ধসে যাওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে ছাদ ধসে পড়ল, কারও গাফিলতি আছে কি-না, তা তদন্ত করে দেখা হবে।

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা।