Published : 05 Jul 2026, 12:09 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগ তুলে এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
পশ্চিম মাসদাইর এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন।
নিহত ২২ বছর বয়সী জিসান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে।
ওসি মাহবুব বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ‘আল ফালাহ’ নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জিসানকে মারধর করেন।
নিহতের বাবা ইউনুছ মিয়ার অভিযোগ, “মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে একদল স্থানীয় লোক জিসানকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর তার হাত-পা বেঁধে তাকে মারধর করে।
“এক পর্যায়ে জিসান অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে লোকজনের কাছে রেখে চলে যায় হামলাকারীরা।”
পরে গুরুতর অবস্থায় জিসানকে খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউনুস।
এদিকে জিসানের মৃত্যুর পর তার পরিবারের সদস্য ও বন্ধুরা লাঠিসোঁটা নিয়ে এলাকায় ভাঙচুর চালায় বলে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে কাওছার আহমেদকে বলতে শোনা যায়, যার কাছে যা আছে তা নিয়ে নেমে যেতে হবে। ঐক্য থাকলে বাংলাদেশের প্রশাসন কি, কোনো কুত্তায়ও আমাদের কিছু করতে পারব না। পাবলিক যদি কোনো কুত্তারে মেরে ফেলে তাহলে কি অন্যায় হবে? ইনশাল্লাহ কোনো মামলা-হামলা কিচ্ছু হবে না। এভাবে সবাই এক থাকবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাওছার আহমেদ বলেন, “জিসানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার নতুন করে ছিনতাইয়ের অভিযোগ উঠলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।”
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ওসি মাহবুব আলম বলেন, “কেউ অপরাধ করলে অন্য কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”