২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

২০২৫ সালের ৩০ মার্চ বিদ্যালয়ের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে নিখোঁজের পরদিন শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন
দণ্ড পাওয়া মাসুম বিল্লাহ শিশুটির সম্পর্কে চাচা হয়।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 06:12 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে ১২ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মানিক মিয়া।

দণ্ড পাওয়া মাসুম বিল্লাহ (২৯) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন।

ভুক্তভোগী শিশু রিফাত একই এলাকায় তার পরিবারের সঙ্গে থাকতেন। রিফাতের গ্রামের বাড়িও একই গ্রামে।

দণ্ড পাওয়া মাসুম ভুক্তভোগীর সম্পর্কে চাচা বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মানিক মিয়া।

মামলা থেকে জানা গেছে, ২০২৫ সালের ৩০ মার্চ দুপুরে রূপগঞ্জের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এপিপি মানিক মিয়া বলেন, শিশুটিকে অপহরণ করে তার চাচা (বাবার ফুফাতো ভাই) মাসুম। পরে তিনি ভুক্তভোগীর মায়ের কাছে মোবাইলে ৪০ হাজার টাকাও দাবি করেন। মুক্তিপণের টাকা না দেওয়াতে শিশুটিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বিচারে প্রমাণিত হয়।

ঘটনার পর মাসুম পিরোজপুরের থানায় আত্মসমর্পণ করে এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন বলে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 

রায়ের পর বিকালে আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।