মাঝ পথে বাসের তেল শেষ, রেললাইনে বসা ৫ জনের প্রাণ নিল ট্রেন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর ৭ নম্বর সেতুর পাশে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের প্রাণ গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর ৭ নম্বর সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস, তার ১২ বছরের ছেলে নীরব, নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা, একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান এবং আব্দুর রশিদের মেয়ে রিফা।
পুলিশ জানায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উদ্দেশে যাত্রা করা দিগন্ত পরিবহনের একটি বাস জ্বালানি শেষ হলে ধলাটেংগড় এলাকায় থেমে যায়। এ সময় বাসের চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য যাত্রীদের নামিয়ে কাছাকাছি পাম্পে চলে যান।
এর মধ্যে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সংলগ্ন রেললাইনে বসে ছিলেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন পাঁচজনকে চাপা দেয়।
খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলে এসআই মিজানুর রহমান জানান।
