Published : 16 Mar 2026, 01:53 PM
ঈদুল ফিতর উপলক্ষে যানজট ও ভোগান্তি এড়াতে গাজীপুরের পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়া হবে।
পুলিশ ও পোশাক কারখানার মালিকদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সোমবার বিকাল থেকে অনেক পোশাক কারখানা ছুটি হয়ে যাবে। ধারাবাহিকভাবে এ ছুটি ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
বিভিন্ন কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাক কারখানা শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে গন্তব্যে যেতে পারবেন। এতে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি এবং যানজট এড়ানো সম্ভব হবে শ্রমিকদের।
এরইমধ্যে অনেকে শ্রমিক তাদের পরিবার পরিজনদের গ্রামে পাঠানো শুরু করে দিয়েছেন। যদিও সোমবার দুপুর পর্যন্ত সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে।
ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন বলেন, “সোমবার বিকালে বেশ কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হবে। আর সন্ধ্যার পর থেকেই ছুটি পাওয়া পোশাক শ্রমিকদের অনেকেই ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন।
“পোশাক শ্রমিকদের ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে যেতে যেন কোনো ভোগান্তি না হয় এবং যানজটের কবলে পড়তে না হয় সেজন্য গাজীপুরের সব পোশাক কারখানা একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

গাজীপুর মহানগর এলাকায় যানজট নিরসনে সার্বিক প্রস্তুতি রয়েছে বলে মহানগর ট্রাফিক পুলিশের কমিশনার এস এম আশরাফুল আলম জানিয়েছেন।
তিনি বলেন, মহাসড়কে পেট্রোল টিম, মোবাইল টিম ছাড়াও পোশাকে সাদা পোশাকে প্রায় এক হাজারের মতো মহানগর পুলিশ দায়িত্ব পালন করছেন। রাস্তায় বিকল যানবাহন সরাতে নয়টি রেকার মোতায়েন রয়েছে।
চিরচেনা যানজটের এলাকা গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকামুখী ফ্লাইওয়ে খুলে দেওয়ায় এবারের ঈদে এ এলাকা যানজট মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করছেন ওই পুলিশ কর্মকর্তা।
গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেছেন, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কালীগঞ্জ এলাকার বিশ্বরোডে ৮০০-এর বেশি জেলা পুলিশ ট্রাফিক ডিউটিতে দায়িত্ব পালন করছেন।