১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহসহ ৫ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে চলবে বাস

তবে ইউনাইটেড সার্ভিসের যে ১৬টি বাস বন্ধের দাবি ছিল বৈষম্যবিরোধীদের; মালিকপক্ষ সেগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

জুলাইযোদ্ধাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার শ্রমিকের মুক্তি, ইউনাইটেড পরিবহনের ১৬ বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ফলে সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হবে। 

জনদুর্ভোগের কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে রোববার রাতে জানান ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “আমরা জনভোগান্তির কথা চিন্তা করে আগে থেকেই বাস চালানোর কথা বলেছিলাম। তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সেটা ভাল হয়েছে।”

তবে জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের দাবি ছিল বৈষম্যবিরোধীদের। তবে, মালিকপক্ষ সেগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে আল নূর আয়াস বলেন, “বাসগুলো চলার কথা না। যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে পরবর্তীতে আমরা দেখব।” 

ধর্মঘটের কারণে শনিবার দিনের কিছু অংশ এবং রোববার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ পথে বাস চলাচল বন্ধ আছে।  

রোববার সকাল থেকে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের (আংশিক) শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দেন। চার জেলার বাসও ময়মনসিংহ হয়েই ঢাকায় আসতে হয়। ফলে নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ থেকেও কোনো বাস ছাড়েনি।

ফলে ভোগান্তি শুরু ঢাকাগামী যাত্রীদের হচ্ছে না; বরং বাকি জেলাগুলো থেকে বিভাগীয় শহর ময়মনসিংহে আসা-যাওয়ার ক্ষেত্রে ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। তাদেরকে বাসের বিকল্প যানে চলাচল করতে হচ্ছে। অনেককে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হয়।

শুক্রবার রাতে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে জুলাইযোদ্ধা আবু রায়হান এবং ইউনাইটেড বাস কাউন্টারের লাইম্যান অরুণ বিশ্বাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ওই দিন রাত থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাস কাউন্টারের সামনে অবস্থান নেন। এরপর পরিবহন শ্রমিক অরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা নগরীর বাসপাসে গিয়ে অবরোধ তৈরি করে রাখেন।

শনিবার বিকালে বৈঠকের পর উভয়পক্ষ নিজেদের অবস্থান থেকে সরে যান। কিন্তু জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের ঘোষণা পরিবহন শ্রমিকরা মেনে নেননি। তারপরই তারা ‘পরিবহন ধর্মঘটের’ ডাক দেন।

আরও পড়ুন:

ময়মনসিংহসহ ৫ জেলায় বাস বন্ধে ভোগান্তিবৈছাআ'র হুঁশিয়ারি

জুলাইযোদ্ধা লাঞ্ছিতপাল্টাপাল্টি কর্মসূচিতে ময়মনসিংহ-ঢাকা সড়ক

ঢাকা-ময়মনসিংহ যান চলাচল স্বাভাবিকইউনাইটেড-সৌখিন বন্ধ

ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধভোগান্তি