Published : 03 Jul 2026, 02:39 PM
নড়াইলে চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধীকে নির্যাতন করে হত্যার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে যশোরে বাঘাপাড়া উপজেলার নারকেল বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু।
গ্রেপ্তার আকাশ বিশ্বাস (২৫) উত্তর খলিশাখালী গ্রামের প্রভাস বিশ্বাসের ছেলে।
শুক্রবার দুপুরে ওসি অজয় কুমার কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) হত্যা মামলার চার নম্বর এজাহার নামীয় আসামি আকাশ বিশ্বাস।
এর আগে গত ২৪ জুন রাতে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে আনোয়ারকে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে সারা রাত মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ২৯ জুন রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করা হয়।
পরে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হলে সেটি হত্যা মামলায় পরিণত হয়।
এদিকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে নড়াইল সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে এলাকাবাসীর আয়োজনে সদর উপজেলার বাঁশগ্রাম বাজারে মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি সরকেলডাঙ্গা মাদরাসা এলাকায় এসে শেষ হয়।
নিহতের বড় ভাই ও মামলার বাদী নবীর হোসেন বলেন, তার ভাই মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সেই সুযোগে তাকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আগের সংবাদ
নড়াইলে চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধীকে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায়