১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নড়াইলে চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধীকে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।

নড়াইলে চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধীকে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নড়াইল সদর থানা।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 12:03 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবক চিকিৎসাধীন অবস্থায় এক স্প্তাহ পর মারা গেছেন। 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু।

নিহত আনোয়ার হোসেন (৩২) সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে। তিনি একজন মানসিক প্রতিবন্ধী।

এর আগে ২৫ জুন রাতে ভ্যান চুরির অপবাদে সদর উপজেলার গোবরা গ্রামে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছিল অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ২৯ জুন রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন আনোয়ারের বড় ভাই নবীর হোসেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার গোবরা মালোপাড়া এলাকার নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, পলান বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস, অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস, প্রভাষ বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস ও পরান বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস।

মামলায় অভিযোগ করা হয়, আনোয়ার হোসেন ২৪ জুন সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে জেলা হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন, আনোয়ার গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন আনোয়ারকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে যান। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে সারা রাত মারধর করা হয়।

একপর্যায়ে মালোপাড়ার প্রসেনজিৎ আনোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। অন্যরা লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও ফোলা সৃষ্টি হয়।

এজাহারে আরও বলা হয়, ২৫ জুন সকালে স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে নড়াইল হাসপাতালে ভর্তি করেন। 

নবীর হোসেন বলেন, তার ভাই মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সেই সুযোগে তাকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বৃহস্পতিবার সকাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে গত ২৯ জুন। ওই মামলাটি হত্যা মামলায় হিসাবে গণ্য হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।