সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার
৩ অক্টোবর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনার ঘটে। এতে নারীসহ পাঁচজন আহত হন।
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় মহাসড়কের কড্ডা মোড় ও সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহীদ আলীর ছেলে মো. শাহা (২৯)।
মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ অক্টোবর গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনার ঘটে। এতে নারীসহ পাঁচজন আহত হন।
দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪-১৫ জনের একটি ডাকাত দল প্রাইভেটকারটি ভাঙচুর ও যাত্রীদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ৫ অক্টোবর যমুনা সেতু থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ অবস্থায় সোমবার সন্ধ্যায় মহাসড়কের কড্ডা মোড় ও সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে তাদের ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার সকালে তাদের যমুনা সেতু থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে ১৫টি এবং শাহার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
