গাজীপুরে ময়লার ভাগাড়ে মিলল অজ্ঞাত যুবকের লাশ
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, বলছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ময়লার ভাগাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন এমসি বাজার এলাকার ‘আদিব ডাইয়িং’ কারখানার সামনের ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার হয়।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী বলছে, আদিব ডাইয়িং কারখানার সামনের ময়লার ভাগাড়ে লাশ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও তদন্ত কার্যক্রম শুরু করে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, সকালে আশপাশের লোকজনের কাছ থেকে ময়লার ভাগাড়ে মরদেহ পড়ে থাকার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি এক যুবকের লাশ দেখতে পান।
এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানান তিনি।
ওসি কামরুজ্জামান বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে অন্য কোথাও হত্যার পর মরদেহ ময়লার ভাগাড়ে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
