Published : 08 Jun 2026, 09:52 PM
বরিশাল নগরে পুলিশ কর্মকর্তার কক্ষ থেকে দুই দিনে চারটি ‘কাল নাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো সড়কের পাশে অবমুক্ত করে বনবিভাগ।
রোববার বিকাল ও সোমবার দুপুরে নগরের কাশিপুরে অবস্থিত রেঞ্জ ডিআইজির দপ্তর থেকে সাপগুলো উদ্ধার করেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, হটলাইন নম্বরের মাধ্যমে খবর পেয়ে রোববার বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের নিচতলায় রেঞ্জ ডিআইজির দপ্তরে যান তারা।

“সেখানে ডিআইজির কক্ষ থেকে সাপ উদ্ধারের জন্য ছাদের ইন্টেরিয়র ভেঙে ফেলা হয়। পরে দুটি সাপ উদ্ধার করে বরিশাল সামাজিক বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়”, বলেন তিনি।
মুসা বলেন বলেন, সোমবার আরও তিনটি সাপ দেখতে পাওয়ার খবর পেয়ে দ্বিতীয় দফায় সেখানে তল্লাশি চালানো হয়। দুপুরে দেয়ালের ফাঁক ও সিলিংয়ের উপর থেকে আরও দুটি সাপ উদ্ধার করা হয়।
এসির পাইপ দিয়ে সাপগুলো কক্ষে প্রবেশ করেছে কলে ধারণা করছেন তিনি।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়। হয়ত সেখান থেকেই এসব সাপ কার্যালয়ে প্রবেশ করেছে।
সামাজিক বন বিভাগের বরিশাল সদর রোঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব কুয়াকাটার সদস্যরা চারটি উদ্ধার করেছে।
পরে বরিশাল-ভোলা সড়কের পাশে তালুকদার হাট এলাকায় সাপগুলো অবমুক্ত করা হয় বলে জানান তিনি।
কাল নাগিনী সাপ বিষধর নয়, নিরীহ; তাই কোনও সমস্যা নেই বলে জানান এই বন কর্মকর্তা।