Published : 31 Mar 2026, 03:40 PM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা মাঠে ফুয়েল কার্ড বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
মারা যাওয়া বখতিয়ার রহমান (৫৫) উপজেলার ভেদমাড়ি গ্রামের হাজি রফিউদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় এনজিও কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হলে শেষদিন হিসাবে মঙ্গলবার ফুয়েল কার্ড নিতে এসেছিলেন তিনি। সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলার মাঠে মানুষের ভিড় ছিল।
সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি তাকে। পরে তাকে আলমডাঙ্গা ফাতেম ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আবুল হোসেন বলেন, ‘বখতিয়ার ভাই সকালে ফুয়েল কার্ডের আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ায়। প্রচণ্ড ভীড়ে তিনি স্ট্রোক করে পড়ে যান। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন।”
ইউএনও আক্তার বলেন, “তিনি পূর্ব থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, মারা যাওয়া ব্যক্তির মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।