Published : 28 Feb 2026, 12:10 AM
নাটোরে পিস্তল নিয়ে শিশুপুত্রের খেলার একপর্যায়ে গুলিবিদ্ধ হয়েছেন এক এসআই।
শুক্রবার সন্ধ্যায় শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে বলে নাটেরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন।
পায়ে গুলিবিদ্ধ দেওয়ান মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার বর্ণনায় পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইনসে বাসায় যান দেওয়ান মামুন। তার পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে গেলে সেটি নিয়ে তার শিশুপুত্র খেলতে শুরু করে। পরে ওয়াশরুম থেকে বের হলে ‘মিস ফায়ার’ হয়ে গুলি মামুনের বাম পায়ে লাগে।
সেসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ও পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে অন্যান্য পুলিশ কর্মকর্তা আহত এসআইকে দেখতে যান।