Published : 14 Sep 2026, 02:41 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় গরু চারা খাওয়া নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন।
নিহত ৪০ বছর বয়সী তোতা মিয়া মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মৃত আসজ জামানের ছেলে।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “শনিবার সন্ধ্যায় তোতা মিয়ার গরু প্রতিবেশী রবি মিয়ার গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে বাঁশ দিয়ে তোতা মিয়ার মাথায় ও শরীরে আঘাত করেন রবি মিয়া। মাটিতে পড়ে গেলে রবি ওই বাঁশের সূচালো অংশ তোতা মিয়ার বুকে ঢুকিয়ে দেন।
“আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রোববার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।”
এ বিষয়ে সমাজ সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পলাশ মিয়া বলেন, “হাওর থেকে গরু নিয়ে ফেরার সময় তোতা মিয়ার গরু রবি মিয়ার একটি গাছের চারা খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে তোতা মিয়ার একটি পেঁপে গাছ কেটে ফেলেনরবি মিয়া।
“পরে রবি মিয়া সূচালো বাঁশ দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন। ধারণা করা হচ্ছে, ওই বাঁশের সূচালো অংশ বুকে বিদ্ধ হওয়ার কারণেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে।”
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, লাশ ময়মনসিংহে ময়নাতদন্ত শেষে সোমবার বাড়িতে আনা হবে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকেই রবি মিয়া পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।