১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে স্টেশনের ‘ওয়াশপিটে’ থাকা ট্রেনে অগ্নিসংযোগ

নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে ধাওয়া দেয়। তবে অন্ধকার থাকায় দৌঁড়ে তাকে ধরা সম্ভব হয়নি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 01:51 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়াগামী লোকাল ট্রেনের বগিতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, “স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামুছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। রাতে সেখানে এমনিতেই অনেক অন্ধকার থাকে। 

“এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে ভোররাতে একদল দুর্বৃত্ত অপকৌশলে গানপাউডার এবং পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়।”

তিনি আরও বলেন, “আগুন জ্বলতে শুরু করলে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে ধাওয়া দেয়। তবে অন্ধকার থাকায় দৌঁড়ে তাকে ধরা সম্ভব হয়নি। 

“পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভায়। যার ফলে বড় ধরনের ক্ষতি থেকে রেলওয়ের জানমাল রক্ষা পায়।”

এ ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা। 

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে এবং অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। এগুলোতে পেট্রোলজাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।