Published : 01 Jul 2026, 03:21 PM
চুয়াডাঙ্গা শহরে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মাছপট্টি কবরস্থানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।
“এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।”
স্থানীয়রা বলছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাছপট্টি আড়তে প্রতিদিনের মতো মাছ কেনাবেচা চলছিল। এ সময় কবরস্থানের সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান ব্যবসায়ীরা। বস্তুটি বোমা হতে পারে বলে সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে ওসি মিজানুর রহমান জানিয়েছেন।