Published : 12 Mar 2026, 05:51 PM
উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন দই, নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রয়ের অভিযোগে চুয়াডাঙ্গার সদর উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার বড় বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি বলেন, রমজান উপলক্ষ্যে বিভিন্ন হোটেল, পাইকারী ভোজ্য তেল ও মসলা, প্রসাধনীর দোকানে তদারকি করা হয়েছে।
এর মধ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের অপরাধে কার্তিক চন্দ্র বসুর ‘বসু সুইটস’কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের জন্য ৪৫ ধারায় টিনা দেবীর ‘পলক গিফট কর্ণার’কে ২৫ হাজার টাকা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ‘মেসার্স সওদাগর গিফট গার্ডেন’কে ২৫ হাজার টাকা, দেলোয়ার হোসেনের ‘মা রোকেয়া ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা এবং মাহফুজা খাতুনের ‘মামুন গিফট কর্ণার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।
সহকারী পরিচালক হাসান বলেন, এ সময় আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশও দেয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।