Published : 14 Jul 2026, 07:09 PM
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী ফেরি ‘কুঞ্জলতা’ মেরামতের জন্য চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ফেরিটি চিলমারী ফেরিঘাট থেকে ডকইয়ার্ডে পাঠানো হয়। ফলে বর্তমানে এ নৌপথে একমাত্র ফেরি ‘কদম’ দিয়েই যানবাহন পারাপার চলছে।
এতে ঘাটে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পারাপারের জন্য অতিরিক্ত সময় অপেক্ষা করতে হওয়ায় পরিবহন ব্যয় বেড়েছে। একই সঙ্গে কয়েকগুণ বেড়েছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি।

ভোগান্তির বিষয়ে জানতে চাইলে আকিব সোহেল বলেন, “ফেরিটি ডকইয়ার্ডে পৌঁছানোর পর আমরা বিকল্প ফেরির জন্য আবেদন করবো। কেননা ফেরি কুঞ্জলতা মেরামত কাজ শেষ হতে প্রায় তিন মাস সময় লাগবে।”
চিলমারী নদীবন্দর ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি পারাপারের অপেক্ষায় রয়েছে।
একমাত্র ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় অপেক্ষার সময় ‘উল্লেখযোগ্যভাবে’ বেড়েছে বলে জানান চালকরা।
সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে আসা ট্রাকচালক মো. রফিকুল ইসলাম বলেন, “আগেও ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো।
“এখন একটি ফেরি কমে যাওয়ায় অপেক্ষার সময় আরও বাড়বে। এতে সময় যেমন নষ্ট হবে, তেমনি পরিবহন ব্যয়ও বাড়বে।”