Published : 26 Aug 2025, 03:14 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় আলাদা ঘটনায় দুই ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে একদল লোক।
সোমবার রাতে ও মঙ্গলবার সকালে শিবচর উপজেলার মাদবরচর হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি মো. রাকিবুল ইসলাম।
আহত নুর ইসলাম উকিল উপজেলার মাদবরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে এবং অপরজন একই এলাকার বাচ্চু উকিলের ছেলে ফরিদ উকিল (৩৬)। তারা দুজনই ইট ব্যবসায় সঙ্গে জড়িত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে নুর ইসলাম মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একদল লোক তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা নুর ইসলামকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানায় পুলিশ।
অপরদিকে মঙ্গলবার সকালে মাদবরচর ক্লাব এলাকায় ইট ব্যবসায়ী ফরিদ উকিলকে একা পেয়ে কুপিয়ে জখম করে একদল লোক। এ সময় ফরিদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা ফরিদকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা ভুক্তভোগী ও স্থানীয়দের।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, দুটি হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।