Published : 03 Aug 2025, 10:15 AM
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম।
নিহত আল আমিন (৩৫) শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।
গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে। এ সময় তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ ঘটনায় ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছে আল আমিনের পরিবার ।
মামলা অভিযোগে বলা হয়, দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর জেরে দুই দফা হামলার শিকার হন তিনি ও তার পরিবার। দুই ঘটনাতেই থানায় মামলা করেন আল আমিন।
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তার কাছে মামলা তুলে নেওয়া ও দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়। তাতে রাজি না হওয়ায় ২৮ জুলাই ফের হামলা করা হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।