২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট

“তার দুই কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও বিছানার নিচে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। ”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 10:24 AM

Updated : 26 Aug 2026, 01:18 PM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাকে কুপিয়ে জখম করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি শাহীন মিয়া। 

আহত হোসনে আরা বেগম (৭০) কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে কামাল কোম্পানির মা। 

কামাল উদ্দিন গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। 

কামালের ভাই মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার তিনি (মাইন উদ্দিন) বাহিরে ছিলেন। তার স্ত্রীও চিকিৎসক দেখানোর জন্য বাড়ির বাইরে ছিলেন। তার মা বসত ঘরে একাই ছিলেন। 

তিনি বলেন, “সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমার মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার দুই কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও বিছানার নিচে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। 

“পরে আমার ভাতিজা সালমান এসে দেখে তার দাদী রক্তাক্ত অবস্থায় ঘরের সামনের কক্ষে অচেতন হয়ে পড়ে আছেন। তখন তার চিৎকার শুনে সবাই এগিয়ে এসে মাকে উদ্ধার করে।”

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় বলে জানান মাইন উদ্দিন। 

এ বিষয়ে কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারী সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। একাধিক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।”