Published : 15 May 2026, 12:49 PM
বাগেরহাট শহরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিয়াগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার গভীর রাতে বাসাবাটি বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে ওই কিশোর হত্যাকাণ্ডের শিকার হয় বলে বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ১৮ বছর বয়সী আম্মার পিরোজপুরের কদমতলা এলাকার এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।
তার লাশ বাগেরহাট হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত আম্মারের মামাতো ভাই ২৩ বছর বয়সী আলী আব্দুল্লাহকে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। সে বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার মাহমুদ উন্নবীর ছেলে।
পরিবারের বরাতে পরিদর্শক শহীদুল বলেন, “মা মাহফুজা খাতুনের সঙ্গে বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে থাকতো আম্মার। বৃহস্পতিবার সন্ধ্যায় আম্মারের মামাতো ভাই আলী আব্দুল্লাহ ওই বাড়িতে বেড়াতে যায়।
“রাতে খাওয়া দাওয়ার পর তুচ্ছ ব্যাপার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে আম্মারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।”
পরিবারের লোকজন উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক শহীদুল বলছেন, “নিহতের বুক ও পিঠসহ বিভিন্ন স্থানে ছুরির আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্য হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।”
নিহতের মামাত মামাতো ভাইকে পুলিশ আটক করেছে জানিয়ে তিনি বলেন, “কেন এবং কি কারণে সে ফুফাতো ভাইকে ছুরি মেরে হত্যা করল তা তদন্ত করে দেখা হচ্ছে।”