১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকার দণ্ডে জুতা, একজন আটক

ভিডিও দেখে মিরাজকে শনাক্ত করা হয়, বলেন ওসি আজাদ

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 01:15 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের জাতীয় পতাকার দণ্ডে জুতা উত্তোলন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করার তথ্য দিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ।

মারুফ হাসান মিরাজ (১৮) নামের এই তরুণ ওই ইউনিয়নের রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সম্প্রতি ছড়ানো ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলনের দণ্ডের রশিতে জুতা বেঁধে একজন তা উত্তোলন করছেন। জাতীয় সংগীত বাজছে। পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন। 

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ওই ভিডিও দেখে মিরাজকে শনাক্ত করার পর শনিবার রাতে তাকে আটক করা হয়েছে। 

“আটক মিরাজের ভাষ্য, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে এই ভিডিওটি তিনি করেছিলেন। তবে, কেন এবং কী উদ্দেশ্যে এমন কাজ করেছিলেন, জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেন নাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।