২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে নদী-খাল দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি

জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের ওপর বসে এই অবস্থান কর্মসূচি পালন করে শতাধিক তরুণ-তরুণী।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 01:57 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

বাগেরহাটে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি রেকর্ডীয় প্রবাহমান নদী-খাল দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল তরুণ। 

রোববার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের ওপর বসে এই অবস্থান কর্মসূচি পালন করে শতাধিক তরুণ-তরুণী। 

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘খাল বাচাঁও, কৃষি বাচাঁও’, ‘সরকারি খাল উন্মুক্ত করো এখনই’, ‘কি চাই? দখলমুক্ত খাল চাই’, ‘সরকারি খাল সবার অধিকার’সহ বিভিন্ন দাবি লেখা রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি প্রফুল্ল চন্দ্র (পি. সি.) কলেজের শিক্ষার্থী ইমরান শেখ বলেন, বাগেরহাটে বিভিন্ন উপজেলাতে সরকারি খাল প্রভাবশালীদের দ্বারা দখল হয়ে আছে। এই খাল দখলের কারণে কৃষকরা প্রয়োজনের সময় সেচ কাজের পানি পাচ্ছে না, কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্য পোহাতে হচ্ছে। 

আরেক শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, যেখানে বর্তমান সরকার সারাদেশে খাল খনন-পুনঃখননের উদ্যোগ নিয়েছে সেখানে বাগেরহাটের চিত্র ভিন্ন। এখানে প্রভাবশালীরা সরকারি খাল দখল করে রেখেছে। খাল দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব-সংঘাতও হচ্ছে। 

সুমিত ভট্টাচার্য বলেন, প্রশাসন মাঝে মাঝে প্রভাবশালীদের দখলে থাকা খাল দখলমুক্ত করলেও কিছুদিন পর আবার দখল হয়ে যাচ্ছে। প্রভাবশালীদের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদও করতে পারছে না।

আরেক তরুণ মাহাফুজ মাঝি বলেন, সাধারণ মানুষদের জন্য জেলার সকল সরকারি খাল দখলমুক্ত করে উন্মুক্ত করে দেয়ার দাবিতে আমাদের এই আন্দোলন। 

নদী-সরকারি খালগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান এই তরুণরা।