১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে প্রকৌশলীসহ নিহত ৩

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকারী প্রতিষ্ঠানটি প্রভাবশালী হওয়ায় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবনটি নির্মাণ করে আসছিল।

যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে প্রকৌশলীসহ নিহত ৩
যশোর শহরে নির্মাণাধীন সাততলা ভবনটির ঝুল বারান্দার দেওয়াল ধসে তিনজন প্রাণ হারিয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 03:21 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর শহরে নির্মাণাধীন একটি সাততলা ভবনের ঝুল বারান্দার দেওয়াল ধসে রাস্তার ওপর পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। 

সোমবার বেলা ১২টার দিকে খড়কির সার্কিট হাউসপাড়ায় ভবনটির পঞ্চম তলার ব্যালকনি ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যশোর কোতয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম। 

নিহতরা হচ্ছেন, ওই ভবনের প্রকল্প প্রকৌশলী কুষ্টিয়া সদরের মিজানুর রহমান (৩৫), অপর প্রকৌশলী দিনাজপুর সদরের নিউটাউন এলাকার আজিজুল ইসলাম (৩৬) ও নির্মাণশ্রমিক চাপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর গ্রামের নুরু মিয়া। 

এসআই জাহিদুল ইসলাম জানান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামে একটি নির্মাণ সংস্থা ভবনটি নির্মাণ করছে। নির্মাণকারী সংস্থার ব্যবস্থাপকের সঙ্গে মোবাইলে কথা বলে নিহতদের পরিচয় জানা গেছে। 

ওই এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, “হঠাৎ বিকট শব্দ পেয়ে আমরা নির্মানাধীন ভবনটি সামনে এসে দেখতে পাই রাস্তায় উপর থেকে পড়া ইটের মধ্যে তিন জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। 

“দেখা যায় ভবনটির পাঁচতলার একটি ব্যালকনির ইটের গাঁথনি ভেঙে তারা নিচে পড়েছেন। আমরা একটি ইজিবাইক ডেকে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান তারা মারা গেছেন।”

নিহত প্রকৌশলী আজিজুল ইসলামের স্ত্রী ও শিশু কন্যার আহাজারিতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয় যশোর জেনারেল হাসপাতালে।

নিহত প্রকৌশলী আজিজুল ইসলামের স্ত্রী ও শিশু কন্যার আহাজারিতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয় যশোর জেনারেল হাসপাতালে।

স্থানীয় লাবু জোয়ারদার অভিযোগ করে বলেন, ১০ বছর ধরে ভবনটির নির্মাণকাজ চলছে। নির্মাণকারী প্রতিষ্ঠানটি প্রভাবশালী হওয়ায় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবনটি নির্মাণ করে আসছিল। এলাকাবাসী একাধিকবার তাদের নানা অনিয়মের প্রতিবাদ করলেও কোনো ফল হয়নি। যার ফলে তাদের কর্মীরাই প্রাণ হারালেন।

এসআই জাহিদুল বলেন, মরদেহ তিনটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।