১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে প্রকাশ্যে ভোট, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বরখাস্ত

আরেকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 04:45 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ময়মনসিংহের ভালুকায় প্রকাশ্যে ভোট প্রদানে বাধা না দেওয়ার অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসার বরখাস্ত হয়েছেন। 

একই উপজেলায় আরেকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।   

বৃহস্পতিবার কংশেরকূল উচ্চ বিদ্যালয় ও বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন জানান।  

বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছেন কয়েকজন যুবক। তাদের পরিচয় পত্রে নিজের নাম বা তিনি কোন প্রার্থীর এজেন্ট তার বিষয়ে কিছু লিখা নেই। শুধু প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে।

এ বিষয়ে বিরুনীয়া কেন্দ্রের প্রিজাইডং অফিসার মুজিবুর রহমান বলেন, “আমি একটু অসুস্থবোধ করছিলাম, তাই খেয়াল করিনি।” 

এ সময় তিনি সংবাদকর্মীদের সামনেই এজেন্টদেরকে নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন। 

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের কয়েকজন বলেন, এই কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে আছেন। 

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, “অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। এটা প্রহসনের নির্বাচন।”

এদিকে কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন বলেন, “প্রকাশ্যে ভোট প্রদানে বাধা না দেওয়ায় কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।” 

বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।