১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপির সাবেক এমপি গিয়াসের জামিন নামঞ্জুর

আদেশের পর গিয়াসউদ্দিনকে পুনরায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিএনপির সাবেক এমপি গিয়াসের জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জের আদালত চত্বরে বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:00 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

নারায়ণগঞ্জে সন্ত্রাস দমন আইনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শামসুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির টানা হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালীন আড়াইহাজার থানায় মামলাটি করেছিল পুলিশ। ওই মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকেও আসামি করা হয়েছিল।

আদালতে গিয়াসের পক্ষে জামিন শুনানি করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

তিনি বলেন, “সরকার আইনের তোয়াক্কা না করেই বিরোধী দলের নেতাকর্মীদের ওপড় স্টিম রোলার চালাচ্ছে। তারই অংশ হিসেবে একটি মিথ্যা মামলায় মুহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে প্রেরণ করে। 

“তাকে যে মামলায় কারাগারে নেওয়া হয়েছে এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক। ঘটনার সময়ে তিনি নারায়ণগঞ্জেই ছিলেন না। সেই মামলায় তাকে আসামি করা হয়।”

এদিকে, আদেশের পর গিয়াসউদ্দিনকে পুনরায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশ পরিদর্শক রশীদ।

১২ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা এক মামলায় ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।