Published : 27 Jul 2026, 04:31 PM
ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে এক রোগী আহত হয়েছেন।
সোমবার সকালে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন।
আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ফজলুল হক একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।
আহত ফজলুলের ভাতিজা মতিন রহমান বলেন, “চাচা দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসার জন্য প্রতি মাসে ঢাকায় একটি হাসপাতালে যান। সোমবারও একই উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথে দুর্ঘটনার শিকার হন।
“এতে তার একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।”
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। পাশপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে ওসি তৌহিদুজ্জামান জানিয়েছেন।