Published : 21 Jun 2025, 03:55 PM
ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া-পরশুরাম সার্কেল) তছলিম উদ্দিন।
নিহতরা হল- উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন লিহান (৮) ও পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯)।
তাদের পরিবার ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকে। এদের মধ্যে ফারাবী স্থানীয় ইম্পেরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির এবং লিহান ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকালে দুই শিশু খেলার জন্য বাসা থেকে বের হয়। সন্ধ্যার পর তারা বাসায় না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রাতে স্থানীয় এক যুবক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের মুখে এক জোড়া জুতা দেখতে পায়। পরে পানিতে ভর্তি ট্যাংকের ভেতরে আলো দিয়ে দুই শিশুকে পড়ে থাকতে দেখে।
দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের মালিকের অবহেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। সেফটি ট্যাংকটির ঢাকনা খোলা ছিল, সেটি বন্ধ রাখলে এ দুর্ঘটনা এড়ানো যেত।
ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই শিশু খেলার ছলে অসাবধানতাবশত সেপটিক ট্যাংকে পড়ে যায়।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান ওসি।