১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

“গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 02:38 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানিয়েছেন।

নিহত ৫৫ বছর বয়সী শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী। 

নিহতের ভাই নিরাস চন্দ্র সরকার বলেন, “স্বামীর মৃত্যুর পর শেফালী বাবার বাড়িতে একটি টিনের ঘরে একাই থাকত। তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বুধবার রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে।

“এ সময় শেফালী রাতের খাবার খাচ্ছিল। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড় থামার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।”

এ বিষয়ে ইউএনও আবদুর রহমান বলেন, “শেফালী বর্মন একা যে ঘরটিতে থাকতেন সে ঘরের ওপরই গাছ ভেঙে পড়ে। টিন আর আসবাব পত্রের চাপায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।”