১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফুটবল তুলতে মেঘনায় নেমে যুবক নিখোঁজ, একদিন পর মিলল লাশ

মিলনসহ তাদের ৪২ জন বন্ধু লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে গিয়েছিল।

ফুটবল তুলতে মেঘনায় নেমে যুবক নিখোঁজ, একদিন পর মিলল লাশ
মো. মিলন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 05:46 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

লক্ষ্মীপুরে খেলার সময় মেঘনা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের একদিন পর শনিবার দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বুড়িঘাট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক। 

নিহত মো. মিলন (৪০) একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।

নৌ-পুলিশ জানায়, শুক্রবার মিলনসহ তাদের ৪২ জন বন্ধু মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে যায়। দুপুর ১২টার দিকে চরের কাটাখালী এলাকায় তারা ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের ফুটবলটি নদীতে পড়ে যায়। 

তখন ফুটবলটি উদ্ধারে মিলনসহ চারজন নদীতে নামে ৷ সেময় নদীতে জোয়ার শুরু হওয়ায় তীব্র স্রোত আর ঢেউয়ের তোড়ে মিলন নদীর গভীরে তলিয়ে যায়৷

তার সঙ্গে থাকা বাকি তিনজন চরে উঠে আসতে সক্ষম হলেও মিলনের খোঁজ মিলেনি।  

নৌ-পুলিশের আজিজুল হক বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। অবশেষে শনিবার দুপুরে বুড়িঘাট এলাকা নদীর তীরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি জানিয়েছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।