Published : 24 Aug 2025, 05:20 PM
কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
তবে বাসটির চালক পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রোববার কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূরজাহান হোটেল থেকে উল্টো পথে আসা ‘হানিফ এন্টারপ্রাইজের’ বাসটি (ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭) দেবিদ্বার উপজেলার খাদ ঘর থেকে জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় পদুয়ার বাজার ইউটার্নে লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের বাস ও লরির অজ্ঞাত পরিচয় চালকদের বিরুদ্ধে মামলা হয়।
এছাড়া সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব যানবাহন ঘুরে আসতে হবে।
সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান বলেন, পদুয়ার বাজার ইউটার্ন এলাকাটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও জনপদ বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
“রোববার সড়ক ও যোগাযোগ বিষয়ক একটি সমন্বিত সভা রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। সেখান থেকে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এই ইউটার্নটি বন্ধ থাকবে।”
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নে সিমেন্টবোঝাই লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়।
এছাড়াও একই সময়ে ওই লরির সামনের অংশের নিচে চাপা পড়ে সিএনজির তিন যাত্রী আহত হয়।
নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।