Published : 23 Aug 2025, 05:25 PM
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের পর ইউটার্নটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব যানবাহন ঘুরে আসতে হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান।
তিনি বলেন, পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্ন এলাকাটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও সড়ক জনপদ বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
“রোববার জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক ও যোগাযোগ বিষয়ক একটি সমন্বিত সভা রয়েছে। সেখান থেকে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এই ইউটার্নটি বন্ধ থাকবে। ”
এর আগে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে সিমেন্টবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হয়।
নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নূরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
এছাড়াও একই সময়ে ওই লরির সামনের অংশের নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হয়।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই মো. আনিসুর রহমান বলেন, এই ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন এবং লরির চালকসহ অন্যান্য অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করেছেন।
আগের সংবাদ
কুমিল্লায় লরির নিচে প্রাইভেট কার, প্রাণ গেল এক পরিবারের চারজনের