Published : 22 Aug 2025, 02:57 PM
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন; যারা একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান বলেন, প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
উদ্ধারকারী পুলিশের সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার সময় পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়।
তখন বাসের পিছনে থাকা প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত হয়।
এ ছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে দুর্ঘটনা কবলিত লরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।