লালমনিরহাটে সরকারি জমি থেকে শ্রমিক দলের কার্যালয় উচ্ছেদ
গত বছরের ৫ অগাস্টের পর থেকে শ্রমিক দলের নেতারা ঘরটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি জমিতে নির্মিত শ্রমিক দলের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার নেতৃত্বে পুলিশ, আনসার ও যৌথবাহিনীর সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গায় একটি টিনের ঘর ছিল। গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর স্থানীয় শ্রমিক দলের নেতারা সেটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেন।
এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ ও মৌখিকভাবে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হলেও তারা সাড়া দেয়নি। অবশেষে স্থাপনাটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হাসান রুমেলের অভিযোগ, “আমাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল। এরপরই আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে, যা অন্যায়।”
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। পাশেই বাউন্ডারি নির্মাণের কাজ হবে। একাধিকবার নোটিশ দেওয়ার পরও জায়গা খালি না করায় জনগণের স্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
