১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে ৩ দিন পর সচল হল টেলিটকের নেটওয়ার্ক

সুন্দরবনের ভেতরে সব ধরনের তড়িৎগতির যোগাযোগের একমাত্র মাধ্যম টেলিটকের নেটওয়ার্ক।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 06:12 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

সুন্দরবনের একমাত্র মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের তিনদিন পর আবার সচল হয়েছে। এতে বনবিভাগ ও সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। 

সুন্দরবনের গহীনে মোবাইলে যোগাযোগের জন্য একমাত্র টেলিটক কোম্পানিকে টাওয়ার নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। তাই সুন্দরবনের ভেতরে সব ধরনের তড়িৎগতির যোগাযোগের একমাত্র মাধ্যম টেলিটকের নেটওয়ার্ক। 

বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, গত ৩১ আগস্ট হঠাৎ করে পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের দুবলার চর ও কটকা এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয় ঘটে। ফলে তিনদিন ধরে বনবিভাগে কর্মরতদের সঙ্গে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 

সুন্দরবনে যে পর্যটকরা ঘুরতে এসেছিলেন তাদেরও বিপাকে পড়তে হয়েছে।

তবে কী কারণে নেটওয়ার্ক বন্ধ ছিল তা মুঠোফোন কোম্পানি আনুষ্ঠানিকভাবে বনবিভাগকে অবহিত করেনি জানিয়ে তিনি বলেন, “শুনেছি জেনারেটর সংশ্লিষ্ট যান্ত্রিক ক্রুটির কারণে এই বিপর্যয় ঘটে।”