১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পিআর নিয়ে জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে: এলডিপি মহাসচিব

রোডম্যাপ ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে বলে জানান মাহমুদুর রহমান মান্না।

পিআর নিয়ে জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে: এলডিপি মহাসচিব
কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব-পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ।

তিনি বলেছেন, “পিআর নিয়ে জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে। এভাবে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই। নির্বাচনী রোড ম্যাপের পক্ষে ৯০ শতাংশ মানুষ মাঠে নেমে যাবে।”

শুক্রবার বিকালে কুমিল্লার চান্দিনা পৌর লিবারেল ডেমোক্রেটিক পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্মেলনে যোগ দেওয়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “রোডম্যাপ ঘোষণা হওয়ায় কমিশনের প্রতি মানুষের আস্থা এসেছে। পুলিশ ও প্রশাসনে যেসব দুর্বলতা রয়েছে সেগুলো রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের আগেই সরকার চাইলে সারিয়ে নিতে পারবে।”

এর আগে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম বক্তব্য দেন।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ কে এম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি বক্তব্য দেন।