২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামীর ১০ বছরের জেল

দাম্পত্য কলহের জেরে ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে সোনালীকে মারধরের এক পর্যায়ে গলাটিপে হত্যা করা হয় বলে জানান পিপি।

কুষ্টিয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামীর ১০ বছরের জেল
দণ্ড পাওয়া শফিকুল ইসলাম।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 08:53 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক গৃহবধূকে মারধর ও গলাটিপে হত্যার দায়ে তার স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম।

দণ্ড পাওয়া শফিকুল ইসলাম (২৭) উপজেলার নন্দলালপুর সোন্দহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলার বরাতে পিপি সিরাজুল ইসলাম বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শফিকুলের সঙ্গে তার স্ত্রী অন্নি খাতুন সোনালীর দাম্পত্য কলহ দেখা দেয়ে। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে সোনালীকে মারধরের এক পর্যায়ে গলাটিপে ধরেন শফিকুল। এতে সোনালী অচেতন হয়ে পড়েন। 

পরে সোনালীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

এ ঘটনায় সোনালীর বাবা উপজেলার নগর সাঁওতা গ্রামের আনিস মোল্লা বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ৩১ অক্টোবর কুমারখালী থানার এসআই অপুর্ব কুমার আসামির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি সিরাজুল।

১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।