২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেরপুরে পুলিশের গাড়ি চাপায় তিনজন নিহত

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, “আপনি যেমন শুনেছেন, আমিও বিষয়টি শুনেছি।”

শেরপুরে পুলিশের গাড়ি চাপায় তিনজন নিহত
ফাইল ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2024, 09:04 PM

Updated : 26 Aug 2026, 10:10 AM

একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগের মধ্যে শেরপুর শহরে পুলিশের গাড়ি চাপায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার বিকালে শহরের খড়মপুর এলাকায় বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের ছাত্র ও জেলা শহরের বাগরাকশা মহল্লার বাসিন্দা তুষার (২৪) এবং আইটি উদ্যোক্তা জেলা সদরের পাকুড়িয়া চৈতনখিলা বটতলা এলাকার মাহবুব আলম (২১)।

অন্যজনের নাম এখনো জানা যায়নি।

২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে গিয়ে সাংবাদিকরা তিনজনের মরদেহ দেখতে পেরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের খড়মপুর এলাকা দখলে নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি সেদিকে গিয়ে বিক্ষোভকারীদের সামনে পড়ে যায়। তখন আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেয়। পুলিশের গাড়িটি দ্রুত সরে যাওয়ার সময় তিনজন চাপা পড়েন।   

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম সাংবাদিকদের বলেন, “আপনি যেমন শুনেছেন, আমিও বিষয়টি শুনেছি।”