১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, আটক ৭

পুলিশ জানায়, চালকরা যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও চিৎকার-চেচামেচি করে জনসাধারণের বিরক্তির সৃষ্টি এবং মারামারি করে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:00 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানিসহ হয়রানির অভিযোগে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সাত চালককে আটক করেছে নৌ পুলিশ।

রোববার দুপুরে লঞ্চঘাটে নৌ পুলিশ দায়িত্ব পালন অবস্থায় চালকরা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের আটক করা হয় বলে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান রাতে জানান।

আটকরা হলেন- ইমাম হোসেন তপাদার (২৫), মো. মনির গাজী (৩০), মো. হানিফ বেপারী (৬৫), মো. জুয়েল (২৫), রিয়াদ (২৫), মো. সোহেল (২৫) ও আলী বেপারী (৩৪)। তাদের বাড়ি চাঁদপুর শহর, সদর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, “দুপুরে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের বিরক্তির সৃষ্টি এবং মারামারি করে। যে কারণে তাদের আটক করা হয়।”

তিনি আরও বলেন, “আটকদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় অভিযোগ দাখিল করা হয়। এ ছাড়া মারামারি করায় আটক আলী বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।”