Published : 15 Jul 2026, 01:38 PM
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম লিটনের মৃত্যু হয়।
৪৭ বছর বয়সী আমিনুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন।
জেল সুপার রফিকুল ইসলাম বলেন, “গত ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে আসেন আমিনুল ইসলাম লিটন।
“মঙ্গলবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।”
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে লিটনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।