ঢাকা-ময়মনসিংহ রুটে সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, তদন্তে কমিটি
সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেনের চার বগি উদ্ধার করা হয়েছে। ফলে সাড়ে সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল হয়।
এ দুর্ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন বগিগুলো উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ-রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান।
এর আগে ওই দিন সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, “গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে কাওরাইদ স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে যাত্রী ভোগান্তি সৃষ্টি হয়।”
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তি কমাতে হওয়ার বিকল্প পথ কিশোরগঞ্জের ভৈরব দিয়ে ঢাকায় কয়েকটি ট্রেন পাঠানো হয়।
আব্দুল্লাহ আল হারুন আরও বলেন, ময়মনসিংহ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ২০ জোড়া ট্রেন চলাচল করে। এতে প্রায় ৮ হাজার যাত্রী নিরাপদ যাতায়াত করে থাকেন। তবে ঘনঘন দুর্ঘটনার কারণে এই অঞ্চলে ট্রেনের যাত্রীরা আতংকগ্রস্ত হয়ে পড়ছেন।
ময়মনসিংহ-রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, কিভাবে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়েছে, তা জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৩ কার্যদিবসের মাঝে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ রেলপথে কেন বারবার ট্রেন লাইনচ্যুত হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্রিটিশ আমলে রেল লাইন তৈরি করা হয়েছিল। এরপর আর বড় ধরনের কোনো সংস্কার হয়নি। যার কারণে ট্রেন লাইনচ্যুতের ঘটনা বেশি ঘটছে। তবে বর্তমান সরকার রেলপথ মেরামতে উদ্যোগ নিয়েছে। সেটি হলে এমন ঘটনা কমে আসবে। ”
এদিকে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক বিজ্ঞপ্তিতে যাত্রী সাধারণের সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন।
বগি উদ্ধারের পর ৪টা ৫৫ মিনিটে ৭০৭নং তিস্তা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
