Published : 14 Apr 2026, 10:33 PM
কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, সরকারের দেওয়া কার্ডের মাধ্যমে কৃষকেরা প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা পাবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া তারই একটি উদাহরণ।
মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এবং দেশের বিভিন্ন জেলায় ভার্চুয়ালি কার্ড বিতরণে কার্যক্রমে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন ধাপে (পরীক্ষামূলক, পাইলট ও দেশব্যাপী) সব কৃষককে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে কম দামে কৃষি উপকরণ, সেচ সুবিধা ও সহজ শর্তে কৃষিঋণসহ ১০ ধরনের সুবিধা পাওয়া যাবে।
এই কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে পরীক্ষামূলকভাবে তিন হাজার ১৪৭ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয় বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন।
বগুড়ার শিবগঞ্জের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এসএম আমানুল্লাহ, বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান।