২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

কোটা: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বিকাল সাড়ে ৪টার থেকে শুরু হওয়া অবরোধ চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 09:36 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহর থেকে একটি বিক্ষোভ মিছিল জেলখানা মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে; যা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ছিল বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা বিরোধীদের মহাসড়ক অবরোধ ঠেকাতে দুপুর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নেয়। এ সময় কোটাবিরোধী সন্দেহে ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন। 

ঘটনার ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হন ডেইলি স্টারের সাংবাদিক জাহিদুল ইসলাম। এ ছাড়া ছাত্রলীগের হামলায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাটিরপাড়া এলাকার রিয়াদ (২৪) এবং নরসিংদী শহরের বাসাইল এলাকার শিক্ষার্থী তাহসিন আহমেদ হিমু (২২) আহত হয়েছেন।

পরে লাঠিসোঁটাসহ আন্দোলনকারীরা একসঙ্গে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলখানা মোড়ের দিকে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পিছু হটে ছাত্রলীগ। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়।

পরে আন্দোলনকারীরা মহাসড়ক দখলে নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা থেকে কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

ঘটনাস্থলের পাশে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করতে দেখা যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টায় তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, প্রথমে আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে আন্দোলনকারীদের মূল সমন্বয়ক কেউ না থাকায় তাৎক্ষণিক তাদের সরানো সম্ভব হয়নি। পরে বুঝিয়ে বলা হলে তারা অবরোধ তুলে নেয়।