২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাগেরহাট সদরে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তিনজন

“নির্বাচনি আইন অনুযায়ী, মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিনই এই তিন পদের প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।”

বাগেরহাট সদরে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তিনজন

বাগেরহাট সদর উপজেলায় (বাঁ থেকে) চেয়ারম্যান পদে সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে খান রেজাউল ইসলাম এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভীন বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 10:17 PM

Updated : 22 Apr 2024, 10:17 PM

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলায় তিনটি পদেই বিনা ভোটে তিনজন নির্বাচিত হতে চলেছেন।

সোমবার বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা সেক জালাল উদ্দীন এ তথ্য জানান।

এই তিনজন হলেন- চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, সদর উপজেলায় প্রথম ধাপের নির্বাচন হবে ৮ মে। এই পরিষদে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

“তবে সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে চারজনের মধ্যে তিনজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর ফলে পরিষদের তিনটি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট হচ্ছে না।”

তিনি বলেন, “নির্বাচনি আইন অনুযায়ী, মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিনেই এই তিন পদের প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।”

২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় সরদার নাসির উদ্দিনকে।

ওই বছরে তার বিরুদ্ধে কোনো প্রার্থী না থাকায় তিনি প্রথমবারের মত বিনা ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভীনের বিরুদ্ধে প্রার্থী না থাকায় তিনিও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

আর ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে নির্বাচিত হয়েছিলেন।