Published : 07 Jan 2024, 12:22 AM
গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, তার নির্বাচন বর্জন বিষয়ে গণমাধ্যমের খবর সঠিক নয়।
একটি বেসরকারি টেলিভিশনে জয়নাল আবেদিনের নির্বাচন বর্জনের খবর প্রচারিত হয়। খবরটি প্রচারের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আসলে নির্বাচন বর্জন করিনি। আমি মাঠে আছি। নির্বাচন করছি। আমি গাজীপুর-২ আসনের জনগণকে বলতে চাই, আমি নির্বাচনে আছি, নির্বাচন করব। আমি নির্বাচন বর্জন করিনি।”
রিটার্নিং কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন থেকে আমার সরে দাঁড়ানোর খবরটি মিথ্যা। আমি প্রত্যেকটি বুথে এজেন্ট নিয়োগ করেছি। আমি রোববারের নির্বাচনটি উপভোগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের দিনও আমি মাঠে আছি। তবে এদিন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।”
জাতীয় পার্টির চেয়ারম্যানও নির্বাচন বর্জনের বিষয়ে তাকে কিছু বলেননি বলে তিনি জানান।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “জয়নাল আবেদিন নির্বাচন বর্জন করেননি বলে আমাকে ফোন করে জানিয়েছেন।”
গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭২৬, এবং মোট প্রার্থীর সংখ্যা ৯।
প্রার্থীদের মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী আবু দাউদ মছনবী হায়দার ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নির্ধারিত সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ব্যালটে তার নাম থেকেই যাচ্ছে।
অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ সুপ্রীম পার্টির এসএম জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির কাজী হাসিবুর রহমান রাব্বী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আমির হোসাইন, জাতীয় পার্টির মো. জয়নাল আবেদীন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বতন্ত্র মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের রেহেনা আক্তার রিনা।